ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দক্ষ চিকিৎসক থাকছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির নিশ্চয়তা না থাকায় দক্ষ চিকিৎসক ও কর্মচারীরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ছেড়ে চলে যাচ্ছেন। শুরুতে ছিলেন ৭৮ জন, এখন আছেন ১৪ জন। প্রকল্পের অধীনে চাকরি পাওয়া চিকিৎসক ও কর্মচারীদের রাজস্ব খাতে না নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশিষ্ট চিকিৎসক ও বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, আগুনে পোড়া বা অ্যাসিডে ঝলসে যাওয়া রোগীর বিশেষায়িত চিকিৎসার দরকার হয়। ১০ বছরের বেশি সময় এখানে কাজ করে অনেকেই দক্ষতা অর্জন করেছেন। কিন্তু চাকরির নিশ্চয়তা না থাকায় অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন। বাকিদের ধরে রাখা দরকার।
আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বার্ন ইউনিটের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে একটি সভা হবে। ইউনিটের কর্মকর্তারা বলছেন, এই সভায় ইতিবাচক সিদ্ধান্ত না হলে অবশিষ্টদের চলে যাওয়ার আশঙ্কা আছে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৩ সালের ৩১ ডিসেম্বর একটি প্রকল্পের মাধ্যমে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের যাত্রা শুরু হয়। শুরুতে কর্মকর্তা-কর্মচারী ছিলেন ৭৮ জন। এখন আছেন সাতজন চিকিৎসক ও সাতজন কর্মচারী। অন্যরা কাজ ছেড়ে বেসরকারি হাসপাতালে চলে গেছেন, কেউ অবসরে গেছেন।
প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া চিকিৎসক ও কর্মচারীরা কয়েক বছর ধরে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। শুরু থেকে এ ইউনিটে কাজ করছেন টেকনিশিয়ান মো. মাহবুব হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বয়স শেষ, তাই অন্যদের মতো সরকারি চাকরি পাব না। এখন চাকরি চলে গেলে পরিবারের ছয়জনকে নিয়ে ঢাকা শহরে পথে বসতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেছেন, প্রকল্পের লোকবল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ হয়েছিল বলে তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না।
বার্ন ইউনিটে শয্যা আছে ৫০টি। কিন্তু প্রতিদিন রোগী থাকে চার শতাধিক। গতকাল ভর্তি ছিল ৪৩৮ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, দক্ষ চিকিৎসকেরা চলে গেলে রোগীদের বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব হবে না। গত এক দশকে আগুনে পোড়া ও অ্যাসিডে ঝলসে যাওয়া রোগীদের চিকিৎসা দিয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে ঢাকা মেডিকেলের এই ইউনিটটি।