ঢাকা মেডিকেলের রাস্তা দখলমুক্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় সড়কের দুপাশে প্রায় ৫০টি অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দিয়েছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেক্রেটারিয়েট সড়কের দুপাশে প্রায় ৫০টি অবৈধ অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। এ সময় ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ঢাকা মেডিকেল ইউনিট, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ঢাকা মেডিকেল ইউনিট ও স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল ইউনিটের পৃথক কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগাম খবর পেয়ে মালামাল নিয়ে প্রায় ১০ থেকে ১৫টি ভ্রাম্যমাণ দোকান অন্যত্র চলে যায়। ১০ থেকে ১২টি দোকানের চেয়ার-টেবিল রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। বেলা দেড়টার দিকে উচ্ছেদ অভিযান শেষে আবার ঢাকা মেডিকেলের সামনে ক্রমান্বয়ে আসতে শুরু করে ভ্রাম্যমাণ দোকানগুলো। অথচ উচ্ছেদ অভিযানের সময় ডিএসসিসির এক কর্মকর্তা মাইকে ঘোষণা দেন, এই সড়ক ও ফুটপাত দখল করে আবার দোকানপাট বসলে মালামাল জব্দ করবে ডিএসসিসি। অভিযানে ডিএসসিসির প্রায় ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান চলাকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে রাজধানীর গুলিস্তানকে কেন্দ্র করে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কয়েক দিন আগে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফুলবাড়িয়া, কাপ্তান বাজার, ধোলাইখাল, বাবুবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। পথচারীদের চলাচলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলবে।