ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরকে ১০টি দুর্নীতির মামলায় গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত।বজলে কাদের তাঁর আইনজীবীর মাধ্যমে গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম কামরুন নাহার রুমি তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বজলে কাদের হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি গতকাল আত্মসমর্পণ করেন।গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক বাদী হয়ে ওই ১০টি মামলা করেন। মামলাগুলোর অন্য আসামিরা হলেন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ফয়জুল্লাহ ও কাজী এনামুল কবির, জ্যেষ্ঠ প্রভাষক মশিউর রহমান, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, হিসাবরক্ষক নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সতীনাথ দাস, সমাজসেবা কর্মকর্তা সাঈদা আখতার, আরামবাগের মেসার্স এস এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সমীরন দাস ও মেসার্স এস এ সার্জিক্যালের স্বত্বাধিকারী এহসানুল কবির।এজাহারে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ ও বৈদ্যুতিক বাল্ব কেনার দরপত্র আহ্বান করা হলেও সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে কোটেশনের মাধ্যমে কিনে সরকারের ক্ষতিসাধন করেন। আসামিরা বিভিন্ন কার্যাদেশের মাধ্যমে ওষুধসহ বিভিন্ন সামগ্রী কেনেন, যা বাজারদরের চেয়ে বেশি দেখিয়ে বিল তৈরির মাধ্যমে ছয় কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।