দুর্নীতির মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদেরসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক শুনানি শেষে তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন।
জামিন পাওয়া অপর চারজন হলেন ওই হাসপাতালের সাবেক উপপরিচালক মো. ফয়জুল্লাহ, হিসাবরক্ষক নজরুল ইসলাম, হিসাবরক্ষক নজরুল ইসলাম (২) ও মের্সাস হাবিব ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান। গতকাল এই পাঁচজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদেরসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৯-১০ অর্থবছরে মেডিকেলের সরঞ্জাম কেনার নামে দুই কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা আত্মসাৎ করেন। ২০১১ সালের ১৬ নভেম্বর দুদক শাহবাগ থানায় এ মামলা করে। এ বছরের ১৫ মে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।