ঢাকা মেডিকেলের সাবেক পরিচালকসহ ৭ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরঞ্জাম ক্রয়-সংক্রান্ত দুর্নীতির মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।

বজলে কাদের ছাড়া অন্য আসামিরা হলেন: ঢাকা মেডিকেলের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সাবেক উপপরিচালক মো. ফয়জুল্লাহ, সাবেক দুই হিসাবরক্ষক নজরুল ইসলাম ও নজরুল ইসলাম (২) এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এইচএন সার্জিক্যাল মার্টের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান। এর মধ্যে মোহাম্মদ মশিউর রহমান পলাতক। অন্যরা কারাগারে আছেন। গতকাল আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতির আবেদন করে। আদালত তা নাকচ করে দেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গতকাল আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত তাও নাকচ করে দেন।

গত ২৭ আগস্ট এ মামলার সাত আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের বিষয়ে আদেশ দেওয়ার সময় চিকিৎসক মোহাম্মদ মশিউর রহমান ও আতিয়ার রহমান কৌশলে পালিয়ে যান। পরে ৭ সেপ্টেম্বর আতিয়ার রহমান আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৯-১০ অর্থবছরে আসামিরা পরস্পর যোগসাজশে নিয়মিত দরপত্র (টেন্ডার) আহ্বান করা ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সরঞ্জাম কেনার নামে দুর্নীতি ও অস্বচ্ছ কোটেশনের মাধ্যমে মালামাল ক্রয় করে সরকারের দুই কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা আর্থিক ক্ষতি করে তা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১১ সালের ১৬ নভেম্বর শাহাবাগ থানায় এই মামলা করে দুদক।