ঢাকা মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্সচাপায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সের চাপায় তিনজন নিহত হয়। এতে নিহত ব্যক্তির এক স্বজনের আহাজারি। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল থেকে তোলা। ছবি: প্রথম আলো
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সের চাপায় তিনজন নিহত হয়। এতে নিহত ব্যক্তির এক স্বজনের আহাজারি। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে পুলিশ বক্সের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারীসহ চারজন।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলিনুর বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান সাকিব (৭)। নিহত আরেক ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সূর্য বেগম (৩০), তাঁর ছেলে সজীব, বাচ্চু মিয়া (৩৫) ও রমজান আলী (৩০)। তাঁদের মধ্যে সূর্য বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুর্ঘটনার পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে বেলা তিনটার দিকে চিকিৎ​সাধীন অবস্থায় সাকিবের মা গোলিনুরের মৃত্যু হয়। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অন্তঃসত্ত্বা সূর্য বেগমের অনাগত সন্তানটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে। অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করা হয়েছে।