ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত আবার দখল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত আবার দখল করে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট বসানো হয়েছে৷ এতে রোগী, পথচারী ও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে৷ অভিযোগ রয়েছে, এই দখলের সঙ্গে হাসপাতালের আওয়ামী লীগ-সমর্থক কিছু কর্মচারী, আনসার ও পুলিশের সদস্যরা জড়িত রয়েছেন৷ প্রতিটি দোকান থেকে দিনে নির্দিষ্ট পরিমাণে চাঁদা আদায় করছেন তাঁরা।
গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সচাপায় দুই নারী, এক শিশুসহ পাঁচজন নিহত হন৷ এর পরদিন পথচারী ও রোগীদের চলাচলের সুবিধার্থে এই এলাকার ফুটপাত ও সড়ক থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ এর আগে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চারবার উচ্ছেদ অভিযান চালিয়েছিল ডিএসসিসি৷ ওই সময় দোকানিদের মালামালও জব্দ করা হয়৷ কিন্তু পরদিন আবার দোকান নিয়ে বসে যান দোকানিরা৷ গত শনিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের দক্ষিণ পাশে রাস্তা ও ফুটপাত দখল করে রয়েছে প্রায় ২৫টি অস্থায়ী দোকান। এর মধ্যে ১০টি ফলের, আটটি প্লাস্টিকেরসহ বিভিন্ন দোকানপাট রয়েছে। বিপরীত পাশের ফুটপাতে রয়েছে চারটি ভাতের হোটেল, ভ্রাম্যমাণ চায়ের দোকান ১০টি৷ দোকানে বসে খাবার খাচ্ছেন লোকজন। দোকানের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকছে সড়কের ওপরে। ফুটপাতে চলাচলের জায়গা না পেয়ে সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন রোগী ও পথচারীরা৷
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলের সামনের ফুটপাতের এক ফল ব্যবসায়ী বলেন, প্রায় দুই বছর ধরে এই এলাকায় ব্যবসা করেন তিনি৷ আবুল হাশেম নামের এক ব্যক্তি ফুটপাত ও সড়কের অবৈধ দোকান নিয়ন্ত্রণ করেন৷ তাঁকে দোকান বাবদ দিনে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হয়৷ এই টাকা হাসপাতালের আওয়ামী-সমর্থক কর্মচারী, আনসার ও পুলিশ সদস্যের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়৷ এ ছাড়া দোকান বসানোর সময় তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। ওই দিন অনেক খুঁজেও আবুল হাশেমকে পাওয়া যায়নি৷
চা, কলা ও বিস্কুটের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, কয়েক মাস পরপরই এই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়৷ পরে নেতা ও পুলিশের সহযোগিতায় তাঁরা আবার দোকান বসান৷ তাঁর এই ব্যবসায় দিনে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত লাভ হয়৷
ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে জরুরি বিভাগের সামনের সড়ক দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন সিদ্দিক বাজারের বাসিন্দা সোলাইমান হোসেন৷ তিনি বলেন, ফুটপাতে দোকানপাট বসানো হয়েছে৷ তাই সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন৷ তিনি বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি দোকানিদের জেল-জরিমানা করলে সড়ক ও ফুটপাতে আর কোনো দোকান বসবে না।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী গতকাল রোববার বলেন, কিছুদিন আগেও এই এলাকায় উচ্ছেদ অভিযান চলানো হয়েছিল৷