ঢাকা মেডিকেলের সামনের সড়কে উচ্ছেদ অভিযান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত ফের দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় সাত দোকানিকে আটক, মালামাল জব্দ ও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ‘ঢাকা মেডিকেলের সামনের সড়ক আবার দখল’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
গত ২৯ ডিসেম্বর পথচারী ও রোগীদের চলাচলের সুবিধার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই সড়কের সব অবৈধ দোকান এবং আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক তিনটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ডিএসসিসি। কিন্তু আবারও সেখানে অবৈধ দোকানপাট বসতে শুরু করে। এতে এই সড়কের ফুটপাত আবার দখল হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় দোকানিরা মালামাল সরিয়ে নিতে শুরু করলে সাতজন দোকানিকে আটক করে পুলিশ। প্রায় ১০ থেকে ১৫টি দোকানের মালামাল জব্দ করে ডিএসসিসি। কয়েকজন দোকানি মালামাল নিয়ে রাখেন ঢাকা মেডিকেলের সিয়াম রেস্তোরাঁ গ্রিল অ্যান্ড মিনি কাবাব ঘরে। পরে মালামাল রাখতে সহায়তা করায় এই রেস্তোরাঁর মালিক আমির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ৫০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।