ঢাকা মেডিকেলের স্থানে বিশ্বমানের মেডিকেল কলেজ হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবন’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বার্ন ইউনিটসমূহের সমন্বয়ক সামন্তলাল সেন প্রমুখ l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবন’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বার্ন ইউনিটসমূহের সমন্বয়ক সামন্তলাল সেন প্রমুখ l ছবি: বাসস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো সব স্থাপনা ভেঙে এটিকে অত্যাধুনিক ও বিশ্বমানের মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ-সংলগ্ন চানখাঁরপুল এলাকায় শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ঐতিহ্য সংরক্ষণের জন্য দরকার অনুযায়ী উন্নত প্রযুক্তি ব্যবহার করে সামলে রাখা যাবে। কিন্তু আমরা এর বাইরে পুরোনো বিল্ডিংগুলো ভেঙে সম্পূর্ণ নতুনভাবে যুগোপযোগী প্রযুক্তিসম্পন্ন অত্যাধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করতে চাই।’ তিনি বলেন, পুরোনো ভবন রেখে হেরিটেজ (ঐতিহ্য) রক্ষা করতে গেলে এগুলো ভেঙে মাথার ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। হেরিটেজ রক্ষার চেয়ে মানুষের জীবন এবং চিকিৎসাসেবা গুরুত্বপূর্ণ বিষয়।
শেখ হাসিনা এ সময় জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এ প্রকল্পটি খুব দ্রুত প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গা ও অর্থ দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী প্রকল্পটা দ্রুত সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে। সেনাপ্রধান কথা দিয়েছেন দ্রুত তিনি এটি সম্পন্ন করে দেবেন।

শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, উড়ালসড়ক বা পদচারী-সেতু করে এর সঙ্গে বার্ন ইউনিটের একটা সংযোগ করে দিতে হবে, যাতে রোগীরা সহজে আসা-যাওয়া করতে পারে। ঢাকা মেডিকেলের বর্তমান বার্ন ইউনিটে যাঁরা আছেন, তাঁরা যেন উন্নত চিকিৎসা পান। তিনি বলেন, ওয়েবক্যামের মাধ্যমে জেলা-উপজেলা হাসপাতালগুলোর সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত মেডিকেলের সঙ্গে যোগসূত্র স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্ন ইউনিটসমূহের সমন্বয়ক সামন্তলাল সেন।

১ দশমিক ৭ একর জমির ওপর নির্মাণাধীন ১৭ তলা এই হাসপাতাল ভবনটিতে ৫০০ শয্যা থাকবে। ২০১৮ সালে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।