গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার আজ মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন জয়দেবপুর স্টেশনের কর্মকর্তারা।
রেলওয়ে পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে জয়দেবপুর রেল স্টেশনে ঢুকে স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিন ব্যক্তি স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর আগে স্টেশন এলাকায় রেলওয়ের জমিজমা অবৈধভাবে ব্যবহার নিয়ে স্টেশন মাস্টার এবং ওই তিন ব্যক্তির বাগবিতণ্ডা চলছিল। একপর্যায়ে তাঁরা জিয়াউদ্দিনকে মারধর করে আহত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জয়দেবপুর স্টেশনের কর্মকর্তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন। এর ফলে রাত সাড়ে আটটা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনে আটকা পড়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।