ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু
তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা একটার দিকে উদ্ধারকারী ট্রেন ডেমু ট্রেনটিকে উদ্ধারের পর দুটি রুটেই ট্রেন চলাচল শুরু হয়। ডেমু ট্রেনটি ময়মনসিংহ-জয়দেবপুর রেলপথে চলাচল করে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) আবু তাহের প্রথম আলো ডটকমকে জানান, দুপুর একটার দিকে উদ্ধারকারী ট্রেনটি ডেমু ট্রেনটিকে উদ্ধার করার পর দুটি রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-জয়দেবপুর রেলপথে চলাচলকারী ডেমু ট্রেনটি আজ ময়মনসিংহের কেওয়াতখালী থেকে শহরের স্টেশনের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় পৌঁছালে ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।