ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পৌরসভার কাউন্সিলর আবু বকর সিদ্দিকসহ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবরকে কেন্দ্র করে গত রোববার রাতে এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গী পৌরসভার কাউন্সিলর আবু বকর সিদ্দিক সহকর্মীদের নিয়ে রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর সাতাইশ রাস্তার মাথায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে স্থানীয় জনতা ও শ্রমিকেরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ এলে জনতা-পুলিশের ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা গাজীপুর থেকে টঙ্গী কলেজগেট পর্যন্ত যানবাহন ভাঙচুর করে। একই সময়ে বিক্ষুব্ধ জনতা গাড়ির টায়ারে ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, টঙ্গী এলাকার একটি পোশাক কারখানায় ঝুটের ব্যবসা করেন নাতি মনির। ওই ব্যবসা হাতিয়ে নেওয়ার জন্য কমিশনার আবু বকর সিদ্দিক ও গাজী কামাল দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই গুলির গুজব ছড়িয়েছেন আবু বকর সিদ্দিক। গুলির খবর এলাকায় ছড়িয়ে দিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন এবং ওই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।