ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আগের অবস্থায় ফিরছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে চলছে জোড়াতালির সংস্কারকাজ। ভাঙা ও গর্তগুলো ইটের খোয়া ও বালু দিয়ে সমান করা হলেও তা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ইটের খোয়া ও পাথর গাড়ির চাকার চাপে সরে গিয়ে ছড়িয়ে পড়ছে পুরো সড়কে।কিছু স্থানে সড়ক পরিষ্কার না করেই আলাদাভাবে পিচ, পাথর ফেলে তার ওপর বালু দেওয়া হচ্ছে। ফলে বৃষ্টি হলে বা গাড়ি চলায় কিছুক্ষণের মধ্যে সেসব স্থানে আবার আগের মতো হয়ে যাচ্ছে। সড়কের অনেক অংশের পিচ উঠে গিয়ে নতুন করে ভাঙছে।গতকাল শুক্রবার দুপুরে জৈনাবাজার এলাকায় সড়কের ব্যাপারে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন টঙ্গীর ট্রাকচালক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘সারা সড়কের অবস্থাই খারাপ। মন্ত্রীর মুখে শুধু রাস্তা ভালা। তিনি তো দামি গাড়িতে চড়েন। তাই বুঝতে পারেন না, আসলে রাস্তার অবস্থা কতটা ভালা।’ এর আগে সংস্কার করা রাস্তার পাথর ঢুকে আরিফুলের ট্রাকের চাকার টায়ার ফুটো হয়ে গিয়েছিল। ভালুকা বাসস্ট্যান্ডের ফল বিক্রেতা রফিকুল আলমও আশাহত স্বরে বলেন, ‘গর্তে দেওয়া ইটের খোয়া ও পাথর উঠে সারা রাস্তায় ছড়িয়ে পড়েছে। গাড়ির চাকার ধাক্কায় এসব ছিটে গায়ে প্রচণ্ড জোরে লাগে।’গতকাল ময়মনসিংহ থেকে গাজীপুরের শ্রীপুরের মাওনা পর্যন্ত গিয়ে দেখা গেছে, মহাসড়কে জোড়াতালি দেওয়া ও দেওয়ার পরের নানান চিত্র। দুপুরে সড়কের বাইপাস মোড়ে দেখা যায়, একটি ট্রাকে কিছু পাথর, বালু ও পিচ নিয়ে কিছু গর্ত সংস্কার করা হচ্ছে। সড়ক পরিষ্কার না করেই পাথরের সঙ্গে পিচ মিশিয়ে বালু দিয়ে ঢাকা হচ্ছে। কিন্তু রোলার মেশিন দিয়ে সমান করা হচ্ছে না। এমন কাজ কতটা কাজে আসবে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সেলটমা জেবির ব্যবস্থাপক (কাজ) শহীদুল ইসলাম বলেন, ‘সড়কের অপর অংশে রোলার দিয়ে কাজ করা হচ্ছে। পাথর উঠে গেলেও সমস্যা নেই। আমরা তো মেরামত করছিই।’ত্রিশাল বাসস্ট্যান্ডের উত্তর পাশ থেকে দক্ষিণে নওধার এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। একই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেখানেও কাজ করছেন। ত্রিশাল বাসস্ট্যান্ডের চা-বিক্রেতা আবদুল মতিন বলেন, ‘সামনের এ জায়গায় এ পর্যন্ত ছয়-সাতবার ইটের খোয়া দিয়ে ভরাট করা হয়েছে। আজ (গতকাল) সকালেও মেরামত করা হয়েছে। কিছুক্ষণ পরই এসব উঠে গিয়ে সারা রাস্তায় খোয়া ছড়িয়ে পড়ছে।’নওধার এলাকায় কাজ করার সময় কথা হয় সংস্কারকাজের তত্ত্বাবধায়ক গোলাম সারোয়ারের সঙ্গে। তিনি বলেন, ‘পরিষ্কার না করলেও সমস্যা নেই। ভয় শুধু বৃষ্টি।’ সামনের বড় ভাঙা অংশ দেখিয়ে সারোয়ার বলেন, ‘আপাতত গর্তগুলো সংস্কার করা হচ্ছে।’ কথা বলতে বলতেই শুরু হয় বৃষ্টি। এর কিছুক্ষণ পর বৃষ্টিভেজা সড়কের কাদাতেই পিচের কাজ শুরু করা হয়।ত্রিশালের পর সড়কের নারায়ণপুরে একটি অংশ অনেকটা দেবে গেছে। সড়কের সাইনবোর্ড থেকে বগারবাজার হয়ে নিশিন্দার মোড় পর্যন্ত, ভরাডোবা বাসস্ট্যান্ড থেকে ভালুকা সেতু, সিডস্টোর বাসস্ট্যান্ড থেকে ফরেস্ট বিট অফিস, স্কয়ার মাস্টারবাড়ী স্ট্যান্ড, জৈনাবাজার স্ট্যান্ড, মাওনা বাসস্ট্যান্ডের উত্তর পাশে পল্লী বিদ্যুতের কার্যালয় এলাকা ছাড়াও রাজেন্দ্রপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সম্পূর্ণ সড়ক ভাঙাচোরা ও এবড়োখেবড়ো হয়ে গেছে। এ ছাড়া সড়কের সিডস্টোর, রাজেন্দ্রপুর এলাকাতেও কাজ চলছে।যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী জর্জেস হোসেন বলেন, ‘পাথর চালা বা সড়ক পরিষ্কার করে সংস্কার করার নিয়মনীতি এখন আর মানা হচ্ছে না। কোনো রকমে সড়কটি চালু রাখার ত ৎ পরতা চলছে। তবে এ সড়কটির কাজের মান দেখার দায়িত্ব এখন আর আমাদের নয়, চার লেন প্রকল্পের।’কাজের মান ও অগ্রগতি সম্পর্কে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের ব্যবস্থাপক সওজের নির্বাহী প্রকৌশলী জিকরুল হাসান বলেন, ‘আপাতত আমরা কাজের মানের কথা ভাবছি না। গর্ত ভরাট করে যান চলাচল ধরে রাখছি।’