ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও খানাখন্দ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে আবারও খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। গত তিন দিনের টানা বর্ষণে পানি জমে মহাসড়ক এখন যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ধীরগতিতে যান চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।গত ঈদের আগে ওই মহাসড়কে ইটের খোয়া ও বালু ফেলে কিছুটা জোড়াতালি দেওয়া হলেও ঈদের পরে আর কোনো কাজ হয়নি। গতকাল শনিবার মহাসড়কের বাঘের বাজার, মাওনা চৌরাস্তা, কাজী ফিলিং স্টেশন, নোমান শিল্প গ্রুপ, বনরূপা সিনেমা হল, মাওনা পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর-দক্ষিণ এলাকা, এমসিএ বাজার ও নয়নপুর এলাকা ঘুরে দেখা যায়, ইটের খোয়া ফেলে ভরাট করা স্থানগুলোতে নতুন করে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।ভালুকার হাওয়াই কারখানা থেকে সুতা তৈরির যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। এর চালক মো. আজিম বলেন, ঈদের আগে রাস্তা মেরামতের জন্য যে তোড়জোড় দেখানো হয়েছিল, সে অনুযায়ী কোনো কাজ হয়নি।মাওনা চৌরাস্তার আসবাব ব্যবসায়ী মো. আলম হোসেন বলেন, আর দুই দিন এমন বৃষ্টি হলে পানি নিষ্কাশনের জন্য তৈরি অস্থায়ী নর্দমা কোনো কাজে আসবে না। ওই সব নর্দমা দিয়ে সড়কের গর্ত থেকে পানি বের করা যাবে না। এই সড়কে চলাচলকারীদের আবারও জলাবদ্ধতার মুখোমুখি হতে হবে।ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ঢাকাগামী আরআর ট্রাভেলসের একটি বাসের চালক আবদুল মান্নান বলেন, গর্তে পড়ে আটকে যাওয়ার ভয়ে সতর্ক হয়ে ও ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে।শ্রীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত আটটায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ২৫ কিলোমিটারের পথ যেতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এক ঘণ্টা আর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। খানাখন্দ আর গর্তের কারণে ওই রাতে হোতাপাড়া থেকে বাঘের বাজার পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম যানজটের বিষয়টি স্বীকার করে বলেন, গর্তের কারণে চালকেরা তাঁদের সুবিধামতো এলোপাতাড়ি গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যানজট লেগে যাচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম বলেন, রাজেন্দ্রপুর অংশের কাজ শেষ হলেই মাওনা চৌরাস্তা ও অপর অংশে কাজ শুরু হবে।