জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা যাওয়ার পথে গতকাল বুধবার সকাল পৌনে সাতটার দিকে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন আউলিয়ানগর স্টেশনে প্রবেশের আগে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল দুইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।এ সময়ের মধ্যে ময়মনসিংহ ও গফরগাঁও স্টেশনে আরও চারটি ট্রেন আটকা পড়ে। এতে পাঁচটি ট্রেনের কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।ময়মনসিংহের কেওয়াটখালী রেলওয়ে লোকোমোটিভের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মো. মুহসিন উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁদের একটি উদ্ধারকারী ট্রেন বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুইটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এর আধা ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তিনি বলেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মো. আবুল কালাম আজাদ বলেন, ময়মনসিংহ স্টেশনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সকাল সোয়া সাতটা থেকে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সোয়া নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটকা পড়ে ছিল। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন দুটি গফরগাঁও স্টেশনে বেলা আড়াইটা পর্যন্ত আটকে ছিল। উদ্ধারকাজ শেষ হলেও, গফরগাঁও রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন, তিস্তা এক্সপ্রেস ও অগ্নিবীণা ট্রেন তিনটি পর্যায়ক্রমে ছেড়ে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পৌনে পাঁচটার মধ্যে ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। পরে বিকেল পাঁচটার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।