ঢাকা-রংপুর চার লেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার একনেক সভায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের প্রকল্প অনুমোদন করা হয়। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার একনেক সভায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের প্রকল্প অনুমোদন করা হয়। ছবি: ফোকাস বাংলা

ঢাকা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়ক হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ–সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের শিরোনাম ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২ : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প’। এ প্রকল্পে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৮১ কোটি টাকা। এ প্রকল্পটিসহ আজকের একনেক সভায় মোট ১২ হাজার ৮৯৪ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৩ হাজার ৩৬৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৯ হাজার ৫২৬ কোটি টাকা।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২০৮ কোটি ৫৭ লাখ টাকার ঢাকা ও রংপুরের আবহাওয়া রাডারের উন্নয়ন; ২২৯ কোটি ৭৪ লাখ টাকার উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ; ২১৩ কোটি টাকার বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী; ৮০ কোটি টাকার রাউজানে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা; ২০৫ কোটি ৪৭ লাখ টাকার সিরাজদৌলা রোড থেকে শাহ আমানত ব্রিজ সংযোগ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ এবং ৭৬ কোটি টাকার খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন প্রকল্প।