ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় আজ সোমবার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কের যানজট দেখা দেয়। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে শত শত যানবাহন আটকে ছিল।
যানজটের কারণে দূরের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা শহরের চৌরাস্তা মোড় এলাকায় মহাসড়কে নর্দমা নির্মাণের কাজ চলছে। এখানে একটি ট্রাক বিকল হওয়ায় এই পরিস্থিতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, উত্তরাঞ্চলের আট জেলার হাজারো যানবাহন এই মহাসড়ক ধরে ঢাকা যাতায়াত করে। কিন্তু বিকল্প ব্যবস্থা না করেই ব্যস্ততম মহাসড়কে নর্দমা নির্মাণকাজ শুরু করা হয়। ফলে গত কয়েক দিন ধরেই এই অবস্থা চলছে। আজ সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে ছিল।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই স্থানে সকালে একটি ট্রাক বিকল হয়। এটি সরানো হয়েছে। একই স্থানে বালুভর্তি আরেকটি ট্রাক আটকে গেছে। সেটি সরানোর চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।