ঢাকা-রংপুর মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঢাকা-রংপুর মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জুমারঘর, কাটাখালী, বোয়ালিয়া, ফাঁসিতলা, চাপরিগঞ্জ, কালীতলা পয়েন্টে বাস ও ট্রাক দাঁড় করিয়ে এ চাঁদা আদায় করা হচ্ছে। এতে পরিবহনশ্রমিকদের সঙ্গে সঙ্গে যাত্রীরাও হয়রানির শিকার হচ্ছেন।এক অনুসন্ধানে জানা গেছে, মহাসড়কে চলাচলকারী প্রতিটি কোচ ও ট্রাক থেকে ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। পলাশবাড়ী উপজেলা শহরের ট্রাকচালক আবদুস সাত্তার, উত্তম পাল ও যাত্রীবাহী বাসের সুপারভাইজার খয়বর হোসেন বলেন, চাঁদা না দিলে কাগজপত্র পরীক্ষার নামে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। গাইবান্ধা জেলা বাস-মিনি বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ হক বলেন, ১৫ দিন ধরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষার নামে বাস-ট্রাকে চাঁদাবাজি করছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘রাতে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কেউ কেউ বাস, ট্রাক দাঁড় করিয়ে চাঁদা নিতে পারেন। সেটা আমার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার মো. ইসরাফিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে এভাবে চাঁদা তোলার কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’