ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধায় অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের গাইবান্ধা অংশের ৩২ কিলোমিটার রাস্তার পাশে অনেক স্থানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী লোকজন সড়কের দুই পাশে দোকানপাট, বসতবাড়ি, চায়ের দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় মহাসড়কটি সরু হয়ে যাচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার অংশ গাইবান্ধার সীমানায় পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে মহাসড়কের জায়গা দখল করে দুই পাশে দোকানপাট গড়ে ওঠায় মহাসড়কটি সরু হয়ে গেছে।ধাপেরহাট গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, সওজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এলাকার প্রভাবশালীরা রাতারাতি জায়গা দখল করেছেন। ফলে ধাপেরহাট বন্দর এলাকায় সড়ক সরু হয়ে যাওয়ায় দুটি ভারী যান একসঙ্গে রাস্তা অতিক্রম করতে পারছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশের জায়গা দখল হওয়ায় ধাপেরহাট এলাকায় সারা দিন যানজট লেগেই থাকে। বিষয়টি সওজ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবৈধ দখলদার ধাপেরহাট গ্রামের আবদুল মান্নান বলেন, ‘মহাসড়কের জায়গায় অনেকে দোকানপাট নির্মাণ করেছেন; তাই আমিও দোকান করে হোটেল-ব্যবসা চালাচ্ছি। সবাই জায়গা ছেড়ে দিলে আমিও দেব।’হিংগারপাড়া গ্রামের ফলের ব্যবসায়ী গোপাল চন্দ্র বলেন, ‘প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করিনি। জায়গা পড়ে ছিল তাই ফলের দোকান দিয়েছি।’পলাশবাড়ী উপজেলা শহরের অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেছেন। দখলদার পলাশবাড়ী শহরের চান মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গায় ব্যবসা করছি। তবে অবৈধ দখল কি না জানি না। এত দিন কেউ উচ্ছেদের কথা বলেনি।’গোবিন্দগঞ্জ শহরের অদূরে কোমরপুর এলাকায় রাস্তার পাশে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করেছেন উপজেলার কোমরপুর গ্রামের শিবলু মিয়া, লোকমান আলী, হাবিবুর রহমানসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি। দখলদার শিবলু মিয়া বলেন, ‘সরকারি জায়গা পরিত্যক্ত ছিল তাই ব্যবহার করছি। সরকার চাইলে ছেড়ে দেব। অন্য দখলদারেরাও একই রকম মন্তব্য করেন। গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহামঞ্চদ হোসেন বলেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মহাসড়কের জায়গা বেদখল হয়েছে। উচ্ছেদের বিষয়ে সওজ বিভাগকে একাধিককার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম জায়গা দখলে সওজের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়কের অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরির কাজ শেষ হলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। কেউ দখল ছেড়ে না দিলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।