রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত সড়কের দুরবস্থা আর যানজটের কারণে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন কর্মকর্তা ও শ্রমিকেরা। ডিইপিজেড কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও সড়কটির উন্নয়নসহ বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে কারখানাগুলোর পক্ষ থেকে।বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, নতুন ও পুরোনো জোন মিলে ডিইপিজেডে ১০২টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭০টি কারখানাই বিদেশি মালিকানাধীন। এসব কারখানায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা নয় হাজার ৫০ জন আর শ্রমিক রয়েছেন প্রায় ৭৮ হাজার। কর্মকর্তাদের মধ্যে বিদেশি রয়েছেন ৫৬১ জন। কর্মকর্তাদের সবাই অফিস করেন উত্তরা থেকে। আর শ্রমিকদের সিংভাগই থাকেন গাজীপুরের টঙ্গী, রাজধানীর আব্দুল্লাহপুর, কামারপাড়া ও আশুলিয়ার বিভিন্ন এলাকায়। যাতায়াতের সুবিধার জন্য কারখানার পক্ষ থেকে কর্মকর্তা ও শ্রমিকদের গাড়ি এবং বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর পরও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হতে পারেন না কেউ। গাজীপুরের টঙ্গীর তানিয়া বেগম চাকরি করেন ডিইপিজেডের একটি পোশাক কারখানায়। কারখানার বাসে যাতায়াত করলেও তাঁর পক্ষে প্রায় দিনই নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া সম্ভব হয় না যানজটের কারণে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কটি বেশ সরু এবং বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। এরপর আবার সড়কের উভয় পাশের দোকানপাট আর কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাখা যানবাহন ও মালামাল সড়কটিকে আরও সরু করে ফেলেছে। সড়কটির বাইপাইল মোড়, জিরাব বাসস্ট্যান্ড, ফ্যান্টাসি কিংডম এলাকা, আশুলিয়া বাজার এলাকাসহ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা অধিক যানজটপ্রবণ এলাকা। এসব স্থানে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত তীব্র যানজট লেগে থাকে।ডিইপিজেডের ভেতরে অবস্থিত এফসিআই গ্রুপের তালিসমান লিমিটেডের মানবসম্পদ বিভাগের উপদেষ্টা আরিফ জামান জানান, আব্দুল্লাহপুর থেকে ডিইপিজেডের দূরত্ব সবার জানা থাকলেও ওই পথ পাড়ি দিতে কত সময় লাগে তা বলা মুশকিল। যানজট আর সড়কের দুরবস্থার কারণে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া যায় না। এর প্রভাবে উৎপাদন ব্যাহত হয়ে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।বাংলাদেশ ইপিজেড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক মেজর (অব.) মো. ফাইজুল মতিন জানান, কারখানাগুলোর পক্ষ থেকে বারবার জানানোর পরেও ডিইপিজেড কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন।সাভার ট্রাফিকের সার্জেন্ট আবুল হোসেন জানান, সরু সড়ক আর যানবাহনের অধিক চাপের কারণে সড়কটিতে এমনিতেই প্রায় সারা দিনই যানজট লেগে থাকে। এরপর আবার কারখানাগামী এবং কারখানা থেকে বাড়ি যাওয়ার পথে শ্রমিকবাহী গাড়ির চাপে সকালে ও বিকেলে যানজটের সৃষ্টি হয়।