ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল আবার বন্ধ
প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল শুরু হলেও আজ শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, প্রথম দফায় ইঞ্জিন বিকল হওয়া একতা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে নিয়ে আসার সময় জয়দেবপুরে ঢোকার মুখে আবার তা লাইনচ্যুত হয়। এ কারণে ওই রেলপথে ঢাকা-উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।
এর আগে আজ সকাল আটটার দিকে গাজীপুরের সালনা মীরেরগাঁও এলাকায় একতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সকাল আটটা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সোয়া ১০টার দিকে উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটটার দিকে ওই এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।