ঢাকা-রামপাল লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান
ঢাকা-রামপাল লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সাত দফা দাবিতে আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজধানীর গ্রীন রোডে অবস্থিত জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহিদুল্লার কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয়।
সাত দফা দাবির মধ্যে আছে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বাজেটের বৃহৎ অংশ লুণ্ঠন বন্ধ, বঙ্গোপসাগরে জাতীয় স্বার্থবিরোধী তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি বাতিল এবং ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানের নামে কুইক রেন্টালের মাধ্যমে দেশের বিশাল আর্থিক ক্ষতি করা হচ্ছে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের নামে রক্ষা করা হচ্ছে বিদেশি কোম্পানিগুলোর স্বার্থ। সুন্দরবন ধ্বংস করে রামপালে নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্র। সুন্দরবনের সর্বনাশ নিশ্চিত করার জন্য সরকার সেখানে জাহাজভাঙ্গা শিল্পের অনুমতি দিচ্ছে। অবিলম্বে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে দেশ সুদূরপ্রসারী ক্ষতির সম্মুখীন হবে।
সভায় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, বি ডি রহমতুল্লাহ, ম. ইনামুল হক, কল্লোল মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।