মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে জামায়াতে ইসলামীর নেতাদের আসামি করার উদ্যোগে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কে চিড় ধরতে পারে বলে কয়েকটি দৈনিকে প্রকাশিত সংবাদের সত্যতা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সৌদি সরকার। গতকাল রোববার ঢাকায় সৌদি দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওই খবরের সত্যতা অস্বীকার করা হয়। খবর বাসসের।গতকালের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুদৃঢ় সম্পর্কের মাঝে কোনো ধরনের সন্দেহ অনুপ্রবেশের অবকাশ নেই। জামায়াতের নেতাদের বিচার করলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে কয়েকটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এ বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করল।বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে এ বিষয়ের সঙ্গে সৌদি আরবকে না জড়ানোর জন্য বাংলাদেশের সংবাদমাধ্যম ও ‘দায়িত্বশীল’ ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়।এর আগে জামায়াতের নেতা মীর কাশেম আলী জামায়াতের নেতাদের বাঁচাতে সৌদি সরকারের কাছে তদবির করতে গেছেন বলে গত সপ্তাহে একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলে সে সময়ও সৌদি সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল।