ঢাকা-লালমনিরহাট পথে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আটক লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির আটটি দূরপাল্লার বাস গত শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে ঢাকা-লালমনিরহাট বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
পরিবহন মালিক-শ্রমিক সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির আটটি বাস ঢাকার মহাখালী পরিবহন মালিক-শ্রমিকেরা আটক করেন। এ ঘটনায় লালমনিরহাট জেলার বাস মালিক ও শ্রমিকেরা যৌথভাবে শনিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। এ খবর প্রথম আলো অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এর পরপরই রাত সাড়ে ১২টায় ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে মহাখালী পরিবহন মালিক-শ্রমিকেরা ওই বাসকে গন্তব্যের উদ্দেশে যাওয়ার জন্য ছেড়ে দেন।
লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক গতকাল দুপুরে বলেন, বাস আটকের সমস্যার সমাধান হয়েছে। যাত্রীরা আবার দূরপাল্লার গন্তব্যে যেতে পারবেন। তিনি আরও বলেন, ‘আমরা কোনো অন্যায় শর্তের কাছে নতিস্বীকার না করে আমাদের অধিকার আদায় করে নিয়েছি।’
গতকাল প্রথম আলোয় ‘ঢাকা-লালমনিরহাট পথে বাস ধর্মঘট’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।