ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করলেন ভি এস নাইপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্যার ভি এস নাইপল। ছবিতে আরও আছেন (বাঁ থেকে দাঁড়িয়ে) সাদাফ সায্‌ সিদ্দিকী, লেডি নাদিরা নাইপল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো
ঢাকা লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্যার ভি এস নাইপল। ছবিতে আরও আছেন (বাঁ থেকে দাঁড়িয়ে) সাদাফ সায্‌ সিদ্দিকী, লেডি নাদিরা নাইপল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো

স্ত্রী নাদিরা নাইপলের সাহায্য নিয়ে হুইলচেয়ারে করে মঞ্চে আসেন ভি এস নাইপল। ঢাকা লিট ফেস্টের ষষ্ঠ আসরের উদ্বোধক এই নোবেলজয়ী সাহিত্যিক। অনেক দিন থেকে পারকিনসন রোগে ভুগছেন ৮৪ বছর বয়সী এই লেখক।
গতকাল উৎসবটির উদ্বোধনে ফিতা কাটার আনুষ্ঠানিকতার পর নাইপলকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ‘কেউ কি আছেন যে আমার হয়ে বক্তৃতাটা দিয়ে দেবেন? তবে এমনভাবে দেবেন, যাতে আমি শুনতে পাই।’ তাঁর এ কথায় হেসে ওঠে পুরো মিলনায়তন। তেমন কিছুই বললেন না তিনি, তবে আরেকটি অধিবেশনে একটি প্রামাণ্যচিত্রে তাঁর সম্পর্কে জানা গেল অনেক কিছু।
বিবিসি প্রযোজিত প্রামাণ্যচিত্র দ্য স্ট্রেঞ্জ লাক অব ভি এস নাইপল থেকে জানা যায়, তাঁর পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। সেখানেই জন্ম হয় নাইপলের। তাঁর বাবা ছিলেন লেখক-সাংবাদিক। পরে সেই পথে হাঁটেন তিনিও। ভারত, ত্রিনিদাদ ও যুক্তরাজ্যে চিত্রায়িত এ প্রামাণ্যচিত্রে নাইপল বলেন তাঁর পরিবার, বেড়ে ওঠা, তাঁর জীবনে বিভিন্ন সময়ের প্রভাবের কথা। এ ছাড়া তাঁকে ঘিরে বিতর্কিত বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি।

সাহিত্য উৎসবটি এবারও যথারীতি হচ্ছে বাংলা একাডেমিতে। একাডেমি প্রাঙ্গণে সাতটি জায়গায় বিভিন্ন আয়োজন। মূল মঞ্চ হিসেবে ব্যবহৃত হচ্ছে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন। এখানে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্দেশনায় ‘সুরের ধারা’র শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ সিদ্দিকী ও আহসান আকবর।

প্রথম দিনে আলোচনায় ঘুরেফিরে এল রাজনীতি ও তা ঘিরে মানুষের জীবনের কথা। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ও ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা ছিল আলোচনার একটা বড় অংশজুড়ে। উৎসবে আসা দেশি-বিদেশি শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকেরা বুঝতে চাইছিলেন, ট্রাম্পের যুগে বিশ্ব কেমন রূপ নিতে পারে।

মূল মঞ্চে আয়োজিত একটি অধিবেশন ‘আমেরিকা: এক্সেপশনাল নো মোর’-এ ভারতীয় সাংবাদিক বারখা দত্ত বলছিলেন, কেন মানুষ চরমপন্থী রাজনীতিবিদদের দিকে ঝুঁকছে, সেটা নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার। উদারপন্থী মানুষ যদি নিজেদের মতের মানুষদের সঙ্গেই কেবল সারাক্ষণ যোগাযোগ করে, সাধারণ মানুষের সমস্যার প্রতি বিমুখ হয়ে যায়, তখন সেটি চিন্তার বিষয়। রাজনীতিবিদ কাজী নাবিল আহমেদ বলেন, প্রতিটি উদারপন্থী দল ক্ষমতায় এলে আদর্শ না বাস্তবতা কোনটাকে প্রাধান্য দেবে, তা নিয়ে দোটানায় ভোগে। মার্কিন গণতন্ত্রও এর ব্যতিক্রম নয়।

ট্রাম্প নির্বাচিত হওয়ায় কী প্রভাব পড়বে, এ প্রশ্নের উত্তরে ব্রিটিশ সাংবাদিক বেন জুডাহ বলেন, এটা একেক পক্ষের জন্য একেক রকম। বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হলো জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের অবস্থান কী হবে। মেক্সিকো ভাববে, সত্যিই সীমান্তে দেয়াল উঠবে? ইউরোপের চিন্তা, ন্যাটো থাকছে তো? মধ্যপ্রাচ্য ভাবছে, ইরানের সঙ্গে বর্তমান স্থিতাবস্থা থাকবে কি না। অন্য আরেকটি অধিবেশন ‘আমেরিকানা’য় দুই এশীয় আমেরিকান কবি বিজয় শেষাদ্রি ও জেফরি ইয়াং কথা বলেন ট্রাম্পের আমেরিকায় অভিবাসীদের অবস্থান নিয়ে। বিজয় বলেন, দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক অস্থিরতা সব সময় ভয়াবহ ছিল, যা আমেরিকায় ছিল না। দেখা যাক, আমেরিকা এই ঐতিহ্য ধরে রাখতে পারে কি না।

দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা নিয়ে কথা উঠলে বারবার চলে আসে সাতচল্লিশের দেশভাগ ও হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক বিভেদের কথা। ‘সাম্প্রদায়িকতার এপার ওপার’ অধিবেশনে বাংলাদেশ ও ভারতের বক্তারা বলেন, দুই পারেই সাম্প্রদায়িকতার রূপ এক। দুই ক্ষেত্রেই সংখ্যাগুরুরা নিজেদের পরিচয়কে প্রধান ভাবতে শুরু করে, তখন অন্যরা গৌণ হয়ে পড়ে। এ ব্যাপারে লেখক সেমন্তী ঘোষ (কবি শঙ্খ ঘোষের কন্যা) অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে বলেন, পরিচয় তৈরির প্রক্রিয়ার ভেতরেই সহিংসতা বিদ্যমান থাকে। নিজের পরিচয়কেই অবচেতনে মানুষ একমাত্র পরিচয় ভেবে নেয়। এখানেই সাম্প্রদায়িকতার শুরু।

এ ছাড়া প্রথম দিনের আরও কয়েকটি অধিবেশনের শিরোনাম ছিল ‘ইমাজিনিং হিস্ট্রি’, ‘ওয়ার্ল্ড ফিকশন: হিডেন রিয়েলিটি’, ‘ক্রাইম পেইস: দ্য আর্ট অব সাসপেন্স’। ছিল ভালোবাসার শহর চলচ্চিত্রের প্রদর্শনী ও আলোচনা, মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধুর ইংরেজি অনুবাদ নিয়ে আলোচনা, সমকালীন কবিদের কবিতা আবৃত্তি। মূল মঞ্চের শেষ অধিবেশনে স্মরণ করা হয় সদ্য প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হককে। তাঁকে নিয়ে আলোচনা করেন তাঁর ছেলে দ্বিতীয় সৈয়দ-হক, কবি সাজ্জাদ শরিফ ও প্রাবন্ধিক আহমাদ মাযহার। আলোচনার পর সৈয়দ হকের ছোটগল্প ‘নীল দংশন’-এর ইংরেজি প্রতিরূপ মঞ্চায়িত হয়।

তিন দিনের এই সাহিত্য উৎসবের দরজা সবার জন্য খোলা। উৎসবের ওয়েবসাইটে কিংবা উৎসবস্থলে রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাই এ আয়োজনে অংশ নিতে পারবেন। আগামী দুদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উৎসব চলবে। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে মূল মঞ্চে ‘দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ অধিবেশনটিতে আহসান আকবরের সঙ্গে আলাপচারিতায় মাতবেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।