ঢাকা লিট ফেস্টের পর্দা উঠল

‘কেউ কি আছেন যিনি আমার হয়ে বক্তৃতাটা দিয়ে দেবেন?’ প্রশ্নটা ছিল নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপলের। ঢাকা লিট ফেস্টের ষষ্ঠ আসর উদ্বোধনের জন্য এসেছেন তিনি। ফিতা কেটে উৎসব উদ্বোধনের পর কিছু বলতে বলা হলে এভাবেই তাঁর ‘বক্তৃতার ভার’ কাঁধে নেওয়ার জন্য কাউকে খুঁজছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল ঢাকা লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যার নির্দেশনায় তাঁর সংগঠন ‘সুরের ধারা’-এর শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
১৯ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব চলবে। তিন দিনের এই আয়োজনে এবার ১৮টি দেশের ৬০ জন বিদেশি লেখক-সমালোচক অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে থাকবেন দেড় শতাধিক বাংলাদেশি লেখক, সাহিত্যিক, সমালোচক, গবেষক ও সাংবাদিক। উৎসবে ছয়টি ভেন্যুতে তিন দিনে ৯০টির বেশি অধিবেশন থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

তিন দিনের এই সাহিত্য উৎসবের দরজা সবার জন্য খোলা। ঢাকা লিট ফেস্টের ওয়েবসাইট বা বাংলা একাডেমির বাইরে নিবন্ধনের মাধ্যমে যে কেউ অংশ নিতে পারবেন উৎসবে। প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে বিভিন্ন অধিবেশন।