‘দুর্বৃত্তদের সৃষ্ট দুর্যোগ থেকে দেশবাসীকে রক্ষা করা বর্তমান সরকারের প্রধান কাজ। ঢাকা শহরের ভাগ্য ভূমিদস্যু-দুর্বৃত্তদের হাতে বন্ধক দেওয়া হয়নি।’ কথাগুলো বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। তিনি বলেছেন, প্রবল বা মাঝারি নয়, হালকা বৃষ্টি হলেই রাজধানীর অনেক এলাকা ডুবে যায়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পর্যন্ত তাঁদের কার্যালয় থেকে বের হতে পারেন না।আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীর জলাশয়গুলো দখল করে ভরাট করার কারণে দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আর ভূমিদস্যুরা জলাশয়গুলো দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, ‘টাকা দিয়ে জলাশয় ভরাট করুন।’ একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়ে তুলতে ডিটেইল এরিয়া প্ল্যান তৈরি করা হয়েছে। তা বাস্তবায়নের জন্য আইন তৈরির কাজ চলছে।জাতীয় জাদুঘর মিলনায়তনে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) আয়োজিত এই অনুষ্ঠানে এবারের মূল স্লোগান ছিল ‘আমাদের শহর আমরাই গড়ব, দুর্যোগ-সহনশীল নগর গড়ব’।অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী আবাসিক পরিচালক এম আমিনুল ইসলাম বলেন, হাইতিতে ভূমিকম্পে অনেক মানুষ মারা গিয়েছিল, কারণ সেখানে ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ করা হয় না। চিলিতে একই মাত্রার ভূমিকম্প হলেও সেখানে ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ করায় ক্ষতি কম হয়েছে।