ঢাকা শিশু হাসপাতালে বিড়ালের কামড়ে নবজাতক আহত
ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতক বিড়ালের আঁচড়-কামড়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নবজাতক শিশুটি প্রসব জটিলতাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিল। শিশুটির আত্মীয়স্বজনেরা বলেছেন, গত ছয় ডিসেম্বর রাত তিনটার দিকে একটি বিড়াল তার কানে কামড় ও শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঁচড় দেয়। এ ছাড়া বিড়ালটি শিশুটিকে টেনে নিতে গেলে সে বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। শিশুটির অবস্থা সম্পর্কে গতকাল শনিবার শিশু হাসপাতালের আইসিইউর জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘কেউ আইসিইউতে ভর্তি থাকলে তাকে আশঙ্কামুক্ত বলা যায় না। তবে শিশুটি বর্তমানে কিছুটা ভালো আছে।’হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ রোববার তাদের প্রতিবেদন দেওয়ার কথা। নবজাতকের পরিবার জানায়, পাবনার একটি ক্লিনিকে গত ৩০ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি বিলম্বিত প্রসবজনিত জটিলতা, জন্ডিসসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছিল। তাকে পরে পাবনা সদর হাসপাতাল হয়ে ঢাকা শিশু হাসপাতালে আনা হয়। ঘটনার সময় কাছে থাকা নবজাতকের নানি চম্পা বেগম ঘুম ঘুম চোখে বিড়ালের কাণ্ড দেখে ভড়কে যান। আইসিইউর সামনে চম্পা বেগম প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে বিড়াল বাচ্চা নিয়া যাবে, এটা তো ভাবতেই পারি নাই।’চাচা রাফি-উল বারী ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ ঘটনা শুনে মনে হয়েছিল ভাতিজিকে হাসপাতালে নয়, জঙ্গলে ভর্তি করেছি।’ হাসপাতালের উপপরিচালক এইচ এস কে আলম প্রথম আলোকে বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের একটি ঘটনা কেউ মেনে নিতে পারবে না। শিশুটির যাবতীয় চিকিৎসার দায়িত্ব হাসপাতাল নিয়েছে।উটকো বিড়ালের উপদ্রব প্রসঙ্গে উপপরিচালক আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই বিড়াল মারতে পারে না। বিড়াল ও হাসপাতালের সামনে রাস্তার কুকুর নিধনের জন্য সিটি করপোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তবে করপোরেশন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার উদ্যোগ নিচ্ছি আমরা।’নবজাতকের বাবা রাফি-উল বারী টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় কাছে ছিলাম না, তবে পরে বাচ্চাকে দেখে আঁতকে উঠি। হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে যথেষ্ট করছে। কিন্তু হাসপাতালের মধ্যে বিড়াল যে কোনো শিশুর ক্ষতি করতে পারে, সে বিষয়ে তাঁদের সাবধান থাকা উচিত ছিল।’