ঢাকা শিশু হাসপাতালে হামলা কর্মকর্তাকে মারধর
রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কবিরউদ্দিন আহমেদকে গতকাল শনিবার মারধর করেছে দুর্বৃত্তরা। তারা হাসপাতালের সভাকক্ষে ব্যবস্থাপনা পর্ষদের বৈঠক চলাকালে দরজায় লাথি মারে বলে পুলিশ জানিয়েছে।হাসপাতালের পরিচালক এ আর খান বাদী হয়ে গতকাল শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মেসবাহউদ্দিন মজিবর, তাঁর সহযোগী জাহিদুল ইসলাম, শাহীন ও মনা ছাড়াও আরও চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।শেরেবাংলা নগর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আজম জানান, মামলার বিবরণে বলা হয়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি পরিচয়ে মজিবর, জাহিদুল, শাহীন ও মনাসহ সাত-আটজন যুবক শিশু হাসপাতালের সভাকক্ষের বিপরীত দিকের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কবিরউদ্দিন আহমেদের কক্ষে ঢোকেন। তাঁরা রক্ষণাবেক্ষণ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা কবিরকে গলাটিপে ধরেন এবং তাঁকে চড়-থাপড় মারেন। তাঁরা চিৎকার ও হইচই শুরু করলে হাসপাতালে উপস্থিত কর্মীরা তাঁদের উচ্চশব্দ না করতে অনুরোধ করেন। কর্মীরা বলেন, পাশে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা সভাকক্ষের কাচের দরজায় লাথি মারেন। তাঁরা বৈঠকে উপস্থিত সদস্যদের নাম ধরে অশ্লীল গালাগাল দেন। কর্মীরা ফোনে এ ঘটনার কথা শেরেবাংলা নগর থানায় জানান। কিন্তু পুলিশ আসার আগেই এজাহারভুক্ত আসামিরা পালিয়ে যান।যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক এ আর খান প্রথম আলোকে বলেন, শিশু হাসপাতালের প্রধান ফটকের আশপাশে কাজের ঠিকাদারি পান ছাত্রলীগের নেতা মজিবর। কিন্তু তিনি কাজ শুরু করছেন না। হাসপাতালের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা মজিবরকে দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন। এতে মজিবর তাঁর ওপর ক্ষিপ্ত হন।এর আগে কাজ পেতে ছাত্রলীগের ওই নেতা হাসপাতালে ঢুকে কয়েকবার কর্মকর্তাদের হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিচালক বলেন, গতকাল সভাটি ছিল নীতিনির্ধারণী।হাসপাতাল সূত্র জানায়, ব্যবস্থাপনা পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান, জাতীয় অধ্যাপক এম আর খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সরকারের তিনজন উপসচিবসহ অন্য সদস্যরা। বৈঠক থেকে ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়।তবে হাসপাতালের কয়েকজন চিকিৎসকের অভিযোগ, ওই সভা ভণ্ডুল করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে। সভায় প্রশাসনিক কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এটি যাতে না হয়, সে জন্য ওই ঘটনা ঘটানো হয়েছে।