যোগাযোগমন্ত্রীর সড়ক পরিদর্শন
ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলীকে সড়কের দায়িত্ব থেকে প্রত্যাহার
সড়কে বড় বড় গর্ত আর পানি জমে থাকায় ঢাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমদকে ১৫ দিনের জন্য আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সময়ে তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সড়কটি পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।
সওজ সূত্র জানায়, পিএমপির আওতায় গত অর্থবছরে সাত কোটি টাকা ব্যয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক মেরামত করা হয়। কিন্তু কয়েক মাস না যেতেই সড়কটির জামগড়া থেকে ইউনিক পর্যন্ত অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সড়কটিতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
মন্ত্রী গতকাল বেলা ১১টার দিকে সড়কটি পরিদর্শনে এসে এ অবস্থা দেখে ক্ষুব্ধ হন। এ সময় তিনি আহসান উদ্দিনকে ওই সড়কের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সবুজ উদ্দিনকে দায়িত্ব দেন এবং তাঁকে ১৫ দিনের মধ্যে সড়কটি যান চলাচল উপযোগী করার নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সারা দেশের মধ্যে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের মতো খারাপ অবস্থা আর কোনো সড়কের নেই। তাই ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে পাম্প বসিয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত সড়কটি মেরামত করা হবে।
এদিকে মন্ত্রী চলে যাওয়ার পরই সড়কটির জামগড়া-ইউনিক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের লম্বা লাইন দখল করে নেয় সড়কের দুই থেকে তিন কিলোমিটার এলাকা। তীব্র যানজটের কবলে পড়ে অনেকে গাড়ি থেকে নেমে পানির মধ্যে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।