গাজীপুরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইনচ্যুত বগি। ছবি-প্রথম আলো
লাইনচ্যুত বগি। ছবি-প্রথম আলো

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আজ বুধবার ভোররাত সোয়া চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল করছে।

পুবাইল রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান মো. আশরাফ হোসেন জানান, আজ ভোররাত সোয়া চারটার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ইঞ্জিনটি লাইনের ওপর উঠে যায়। এর ছয়টি বগির চাকা লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে যায়। ইঞ্জিনটি লাইনের ওপর দাঁড়ানো অবস্থায় রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

পুবাইল স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, ট্রেনটির অতিরিক্ত গতি থাকায় এ দুর্ঘটনা ঘটে। পুবাইল স্টেশনের ১ নম্বর লুপলাইনে যেখানে ঘণ্টায় ১৬ কিলোমিটার গতি থাকার কথা, সেখানে ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটারের ওপরে। চট্টগ্রামগামী ট্রেনগুলো ডাউন লাইনে নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকাগামী ট্রেনগুলোর একই লাইন অতিক্রম করতে গিয়ে পাঁচ-সাত মিনিট দেরি হচ্ছে। দুর্ঘটনায় ৩০ ফুটের মতো লুপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।