ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রশাসনিক পুনর্বিন্যাসের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হবে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচন কমিশনের নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ কথা বলেন। সিইসি পরে নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার সার্ভার স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি জানান, নরসিংদী পৌরসভার নির্বাচন হবে ১৭ জানুয়ারি।ভৈরবে সিইসি বলেন, ‘সারা দেশে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার সব প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে। তবে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ঢাকা সিটি করপোরেশনকে বর্ধিত করা হবে। বিশেষ করে, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের পর তফসিল ঘোষণা করা হবে।’ চলমান পৌর নির্বাচন সুষ্ঠুভাবে এগিয়ে চলায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় শামসুল হুদার সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম প্রমুখ।ইউএনও খোরশেদ আলম বলেন, ২৬ লাখ নয় হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ সার্ভার স্টেশনের নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ হলে নির্বাচন বিষয়ে কাজের স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে। নরসিংদীতে দুটি সার্ভার স্টেশন পরিদর্শন শেষে বেলা আড়াইটার দিকে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ টি এম শামসুল হুদা বলেন, ১৭ জানুয়ারি নরসিংদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের পক্ষে রায় দেওয়ায় আগের এই তারিখ বহাল রাখা হয়েছে। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোমেনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।নরসিংদী পৌরসভার একজন প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ দিনের জন্য নির্বাচন স্থগিত করেন। পরে নির্বাচন কমিশনের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে রায় দেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিষয় দ্রুত বিকেন্দ্রীকরণ করা হবে। নরসিংদী পৌরসভার নির্বাচনে সেনা মোতায়েন করা হবে।