ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সাখাওয়াত
ঢাকা সিটি করপোরেশনের আগামী নির্বাচনে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে না। এই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। কারণ, আগের তুলনায় নির্বাচনী আচরণবিধি এখন অনেক বেশি কঠোর।সম্প্রতি নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের সময় সামরিক ও আধাসামরিক বাহিনী মোতায়েনের পরিবর্তে নির্বাচনী আচরণবিধির যথাযথ প্রয়োগের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে র্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি নিয়োজিত থাকবে।এম সাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচনী আচরণবিধি ঠিকমতো রক্ষা হচ্ছে কি না, তা বিচার বিভাগীয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পর্যবেক্ষণ করবেন।