গাজীপুরে ভোট ৬ জুলাই, কিশোরগঞ্জ-৪ আসনে ৩ জুলাই
ঢাকা সিটির তফসিল হয়নি, সরকারের প্রস্তাব আমলে নেয়নি ইসি
ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এ বিষয়ে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তাব আমলে নেয়নি। কমিশন বলেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুলতানগঞ্জ ইউনিয়ন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, সরকার তার সুরাহা করে দিলে কমিশন নির্বাচন করবে।
তবে কমিশন গাজীপুর সিটি করপোরেশন ও জাতীয় সংসদের শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ জুলাই গাজীপুরে এবং ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে ভোট গ্রহণ হবে।
গতকাল বুধবার দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন। তফসিলে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুন, মনোনয়নপত্র বাছাই হবে ৯ ও ১০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ জুন। কমিশন সচিবালয়ের উপসচিব মতিয়ার রহমান এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৬৪ জন। এর মধ্যে নারী পাঁচ লাখ ২৭ হাজার ৭৮৩ ও পুরুষ চার লাখ ৯৯ হাজার ১৮১ জন।
সিইসি বলেন, এখন (তফসিল ঘোষণার পর) থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের অবৈধ প্রচার উপকরণ অপসারণ করতে হবে। নইলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ৯ জুন এবং প্রত্যাহারের শেষ সময় ১৭ জুন।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা না করা প্রসঙ্গে সিইসি কাজী রকিব বলেন, ‘সরকার ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে চায়। এ বিষয়ে তারা কমিশনকে চিঠিও দিয়েছে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি এলাকাকে দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করলেও এর সীমানাবিন্যাস করেনি। কমিশন এর আইনগত দিকটি খতিয়ে দেখছে। কারণ, একবার আইনি জটিলতায় পড়ে এক বছরের বেশি সময় নষ্ট হয়েছে। আবারও একই সমস্যায় পড়তে চাই না।’ তিনি আরও বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কমিশন আবারও যোগাযোগ করবে এবং আইনি জটিলতা পরিহার করেই ডিসিসির নির্বাচন করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আইনি জটিলতা না থাকলেও এর তফসিল ঘোষণা না করা প্রসঙ্গে সিইসি বলেন, দুটি সিটি একই সঙ্গে অবস্থিত। তাই কমিশন একই দিনে দুই সিটিতে নির্বাচন করতে চায়।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের চার-পাঁচটি প্রশ্নের জবাব দেন। এরপর সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি জবাব না দিয়ে উঠে যান।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকালের বৈঠকে কমিশন সচিবালয় ৪ জুলাই ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করে। কমিশনের সচিব মোহাম্মদ সাদিকও বৈঠকে ডিসিসির তফসিল ঘোষণার পক্ষে যুক্তি-পরামর্শ তুলে ধরেন। কিন্তু শেষ পর্যন্ত কমিশন সুলতানগঞ্জের সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়। তারা এ বিষয়ে নিজেদের আইন শাখার পরামর্শ নিয়ে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি লেখার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, সচিবালয় থেকে বলা হয়েছে, আপাতত যেহেতু আইনি জটিলতা নেই, সুতরাং তফসিল ঘোষণা করা যায়। পরে কোনো সমস্যা হলে তার দায় কমিশনের ওপর বর্তাবে না।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও মোহাম্মদ শাহনেওয়াজ, সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।