ঢাকা সিটির নির্বাচন প্রচারপত্র অপসারণের অনুরোধ সিইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগাম প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও দেয়াললিখন সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। গতকাল নির্বাচন-সম্পর্কিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি এ অনুরোধ জানান। সিইসি বলেন, এরই মধ্যে পোস্টার-বিলবোর্ডে ঢাকা ছেয়ে গেছে। তা সরানোর জন্য আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু তফসিল ঘোষণা না হওয়ায় ইসি কিছু করতে পারছে না। তবে তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আগাম প্রচারণামূলক উপকরণ সরিয়ে বা মুছে ফেলার নির্দেশ দেওয়া হবে। সিটি করপোরেশন ও ইসির লোকবল নামবে। এ সময়ে না সরালে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন। সিইসি জানান, আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সরকারের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করে তাঁরা এ বিষয়ে অবগত হয়েছেন।গতকাল বুধবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, ইসি সচিব মোহাম্মদ সাদিক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কে এম হোসেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমান, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী, ঢাকা বিভাগীয় কমিশনার মঈনুদ্দিন আবদুল্লাহ, ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক, ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সভায় অংশ নেন।সূত্র জানায়, সভায় আগাম নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্ট ১০ দিনের মধ্যে অবৈধ দেয়াললিখন, পোস্টার, বিলবোর্ড অপসারণের আদেশ দিলেও আদেশের কপি তারা এখনো হাতে পায়নি। দেয়াললিখন ও পোস্টার সাঁটানোর ওপর বিধিনিষেধ আরোপ করে আইন পাস হলেও তা এখনো কার্যকর হয়নি। নির্বাচনী আইনেও তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা বন্ধের কোনো ব্যবস্থা নেই।সূত্রমতে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রচার-উপকরণ অপসারণের জন্য তাদের কোনো বরাদ্দও নেই; যার পরিপ্রেক্ষিতে ইসি থেকে এ বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হবে বলে সভায় জানানো হয়।