সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি মোজাফ্ফর আহমদ বলেছেন, ঢাকা ভাগ করে দুটি সিটি করপোরেশন করার সিদ্ধান্ত যুক্তিহীন। তিনি বলেন, সাড়ে চার বছর এ নির্বাচন ঝুলিয়ে রেখে এখন আবার নির্বাচন না করার পাঁয়তারা শুরু হয়েছে। সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে অধ্যাপক মোজাফ্ফর এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা ভাগের সরকারি সিদ্ধান্ত: নাগরিক চাহিদা ও জনগণের ভাবনা’ শীর্ষক ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, ভালো কাজের জন্য ঢাকা সিটি করপোরেশনের বিভক্তির কোনো প্রয়োজন নেই। এ জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেন, সরকার ঢাকা সিটির বিভক্তি ও প্রশাসক নিয়োগের কথা বলছে। কিন্তু বিদ্যমান যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান না করে এ ধরনের বিভক্তি কতটুকু সুফল বয়ে আনবে তা বোধগম্য নয়। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ঢাকাকে দুই ভাগ করার বিরোধিতা করা হবে সব সময়। দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা ভাগাভাগির অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ঢাকাকে বিভক্ত করার চিন্তা অযৌক্তিক, অন্যায় ও উদ্দেশ্যমূলক। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে এটা করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হায়দার আকবর খান রনো বলেন, শাসক দল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সিটি করপোরেশন ভাগাভাগির এ খেলা খেলছে। কারণ নির্বাচনে তারা যেকোনোভাবে জিততে চায়।স্বাগত বক্তব্যে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রশ্ন রাখেন, সুশাসন দিতে যদি ঢাকা ভাগ করা হয়, তাহলে কি একদিন বাংলাদেশকে দুই ভাগ করতে হবে?অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ে শোনান সাংবাদিক মনির হায়দার। আলোচনায় অংশ নেন আ স ম আবদুর রব, সাবেক সাংসদ আবদুল মান্নান, মুহম্মদ জাহাঙ্গীর, কামাল আতাউর রহমান, হুমায়ুন কবির প্রমুখ। সভায় ঢাকা সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত কয়েকজন ওয়ার্ড কমিশনারও বক্তব্য দেন।