ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় তিন ঘণ্টা পর আবার চালু হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত সোয়া নয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলির ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে এ দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মজুমদার ট্রেন যোগাযোগ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেবেল ক্রসিং এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার কোড্ডা লেবেল ক্রসিংয়ের ওপর প্রাইভেটকারটিকে গোধূলি ট্রেন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে পাশের রেলসেতুতে আটকে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাইভেটকারটি রেলসেতুতে আটকে যাওয়ায় ট্রেনটিও থেমে ছিল। এ কারণে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।