ঢাকা-সিলেট পথে নতুন ট্রেন চালুর উদ্যোগ ভেস্তে গেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা ঢাকঢোল পিটিয়ে পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) ঢাকা-সিলেট পথে আরেক জোড়া আন্তনগর ট্রেন চালু করার কথা ছিল। তবে উদ্বোধনের পাঁচ দিন আগে ৯ এপ্রিল রাতে টাকাসহ তৎকালীন রেলমন্ত্রীর এপিএস ও রেলের মহাব্যবস্থাপক ধরা পড়ায় এই উদ্যোগ ভেস্তে গেছে। এর ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতেও পারছে না। রেল কর্মকর্তারা জানান, রেলওয়ে পূর্বাঞ্চলে ১৭২টি আন্তনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেনের নতুন সময়সূচি ১ এপ্রিল থেকে কার্যকর হয়। এ-সংক্রান্ত গাইডে ঢাকা-সিলেট পথের আন্তনগর নতুন এক জোড়া ট্রেনের সময়সূচির উল্লেখ আছে। নতুন আন্তনগর ট্রেনটি প্রতিদিন ভোর ছয়টা ৪০ মিনিটে সিলেট থেকে ঢাকায় এবং বেলা তিনটায় ঢাকা থেকে সিলেটে যাত্রা করবে বলে ঠিক হয়। তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের উদ্যোগে এই সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে ব্যাপক প্রচারণাও চালানো হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. বেলাল উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা ও সিলেটের মধ্যে তিন জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। পয়লা বৈশাখ থেকে আরও এক জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ট্রেন দুটির নম্বর যথাক্রমে ৭৭৩ ও ৭৭৪, যা রেল ভবনে নির্ধারিত হয়। তবে উদ্বোধনের আগেই নামকরণের কথা ছিল।’ প্রসঙ্গত, ৯ এপ্রিল রাতের ঘটনা প্রসঙ্গে বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেছিলেন, ‘পয়লা বৈশাখ উপলক্ষে নতুন একটি ট্রেন (আসলে এক জোড়া) চালু হবে। সেটি শায়েস্তাগঞ্জে থামবে কি থামবে না, সে বিষয়ে কথা বলার জন্য আমি মন্ত্রীর বাসায় যাচ্ছিলাম।’ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. বেলাল উদ্দিন বলেন, ‘নতুন দুটি ট্রেন শায়েস্তাগঞ্জে থামবে কি থামবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল পয়লা বৈশাখের আগেই। তবে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।’ সিলেট-ঢাকা পথের নতুন আন্তনগর ট্রেনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, তা তিনি জানেন না। রেলওয়ে সূত্র জানায়, ওবায়দুল কাদের রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গত শুক্র ও শনিবার নোয়াখালী রেলস্টেশন পরিদর্শন করেন। সেখানকার জনপ্রতিনিধিরা নোয়াখালী থেকে আরেক জোড়া ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। কারণ নোয়াখালী থেকে ঢাকার পথে সকালে কোনো ট্রেন নেই। উপকূল সকালে ঢাকা থেকে নোয়াখালীতে এবং বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যায়। রেলের প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. বেলাল উদ্দিন বলেন, নোয়াখালী ও ঢাকার পথে আরেক জোড়া ট্রেন চালুর দাবি যৌক্তিক। মন্ত্রণালয় বিবেচনা করলে সিলেটের পরিবর্তে নতুন ট্রেনটি নোয়াখালীর পথে চালানো যেতে পারে। কারণ সিলেট-ঢাকা পথে তিন জোড়া ট্রেন চালু রয়েছে।