ঢাকা-সিলেট পথে নতুন ট্রেন চালুর দাবি
সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের একাধিক নেতা বলেছেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের উদ্যোগে ঢাকা-সিলেট পথে নতুন আরেক জোড়া ট্রেন চালুর বিষয়ে সিলেট অঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল।পয়লা বৈশাখে এ নতুন ট্রেন চালুর কথা থাকলেও রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা পাওয়ার ঘটনায় এ উদ্যোগ ভেস্তে গেছে। এই অবস্থায় নতুন ট্রেন চালু না হওয়ায় এ অঞ্চলের মানুষ চরম ক্ষুব্ধ হয়েছেন। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর বলেন, ‘রেলমন্ত্রী এপিএসের দুর্নীতির অভিযোগ নিয়ে পদত্যাগ করেছিলেন। এর পরই ঢাকা-সিলেট পথে নতুন ট্রেন চালুর বিষয়টি ভেস্তে গেছে। কিন্তু আমাদের তো অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে অনেক ব্যক্তি রয়েছেন। তাঁরা থাকতে এই ট্রেন কীভাবে নোয়াখালী অঞ্চলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে?’বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের বরাতে শুনেছি, সিলেটের পরিবর্তে নতুন ট্রেনটি নোয়াখালীর পথে চালানোর প্রক্রিয়া চলছে। সত্য-মিথ্যা জানি না। যদি তা-ই হয়, তাহলে সেটি হবে সিলেটবাসীর জন্য খুবই দুঃখজনক ঘটনা। আমরা দ্রুত নতুন ট্রেন চালুর দাবি জানাচ্ছি।’রেলওয়ে সিলেটের স্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-সিলেট পথে নতুন ট্রেন চালুর বিষয়টি আমরা পরিষ্কারভাবে বলতে পারব না। কারণ, এ সম্পর্কিত কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’