ঢাকা-সিলেট পথের নতুন আন্তনগর ট্রেন ‘কালনী’র যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট পথে নতুন আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নতুন ট্রেনটির উদ্বোধন করেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।ঢাকা-সিলেট পথে আগে থেকে পারাবত, জয়ন্তিকা ও উপবন নামে তিনটি আন্তনগর ট্রেন চালু রয়েছে।নতুন ট্রেন উদ্বোধন করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এ ট্রেন চালুর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।’রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীর, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলওয়ের কর্মকর্তারা জানান, এই ট্রেনটি চালুর উদ্যোগ নিয়েছিলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। নামও ঠিক করেছিলেন তাঁর নিজ জেলা সুনামগঞ্জের কালনী নদীর নামে। গত পয়লা বৈশাখ ট্রেনটির উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু ৯ এপ্রিল মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির পর তা পিছিয়ে যায়।রেলওয়ের কর্মকর্তারা জানান, কালনী এক্সপ্রেস প্রতিদিন সকাল ছয়টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুরের উদ্দেশে সিলেট থেকে ছেড়ে আসবে। কমলাপুর পৌঁছানোর নির্ধারিত সময় বেলা একটা। এরপর ট্রেনটি কমলাপুর থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে বেলা তিনটায়। সিলেট পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে রাত নয়টা ২৫ মিনিট। কালনী ট্রেনটিতে ১২টি বগি রয়েছে। এর আসনসংখ্যা ৫৪৩টি। যাত্রাপথে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মাইজগাঁও স্টেশনে থামবে।