ঢাকা-সিলেট বিমানের ফ্লাইট চালুর দাবি
সিলেট-ঢাকা অভ্যন্তরীণ পথে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। প্রবাসী-অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত সিলেটে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ বিমান ঢাকা-লন্ডন ও ঢাকা-জেদ্দার যাত্রী হারাচ্ছে বলে উল্লেখ করেন আটাবের নেতারা।
গতকাল রোববার দুপুরে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট অঞ্চলের লোকজন ও প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও অযৌক্তিক কারণ দেখিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সিলেটের যাত্রীরা ঢাকা হয়ে বিদেশে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। প্রায় এক বছর ধরে বিমানের সিলেট-ঢাকা অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রয়েছে। এতে লন্ডনসহ বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটি প্রবাসীরা বাংলাদেশ বিমানে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। এ কারণে বিমানের যাত্রীও কমে গেছে। আসন খালি রেখে বিমানকে লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে সপ্তাহে বিমানের দুটি ফ্লাইট ছেড়ে যায়। কিন্তু সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ওমরাহ হজগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে আটাব নেতারা উল্লেখ করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আবদুল জব্বার। উপস্থিত ছিলেন, ট্রাভেলস ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ, ইমদাদুল হক প্রমুখ।