ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর ও সরাইল থানা ও ট্রাফিক পুলিশের সহায়তায় দিনভর চলে অভিযান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ১০ বছর আগে ঢাকা-সিলেট মহাসড়ক উঁচু ও প্রশস্ত করার সময় সরাইল বিশ্বরোড মোড়ের পূর্ব পাশে সওজের জায়গায় সরকারি অর্থায়নে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশার জন্য একটি স্ট্যান্ড নির্মাণ করা হয়। সেটি কৌশলে দখলে নিয়ে নেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা সেখানে গড়ে তোলে অর্ধশতাধিক কাঁচা ও আধাপাকা দোকানঘর। দৈনিক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করা হতো৷
মহাসড়কের পশ্চিম ও উত্তর পাশে সওজের জায়গায় ৩৫ থেকে ৪০টি অবৈধ দোকান বসিয়ে একই কায়দায় চাঁদা আদায় করত অপর একটি চক্র। আর এ কাজে সওজের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশ ছিল। ফলে অটোরিকশা দাঁড়িয়ে থাকত মহাসড়কের ওপর। চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই দু-তিন গ্রামের দাঙ্গাবাজরা মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত হতো। সন্ধ্যায় অবৈধ দোকানগুলোতে বসেই লক্ষ্যস্থল নির্ধারণ করে ডাকাত ও ছিনতাইকারীরা।
অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে অংশগ্রহণ করেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. বায়েজিদ সরকার, মো. সাইদুর রহমান ও বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুর নূর। দীর্ঘ সময়ের অভিযানে তাঁরা মোড়ের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম বলেন, সরকারি জায়গার সিএনজি অটোরিকশাস্ট্যান্ড দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। পরবর্তী সময়ে কেউ দখলে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।