ঢাকা-সিলেট মহাসড়কে এখনো খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–সিলেট মহাসড়কের সিলেট থেকে বালাগঞ্জের শেরপুর পর্যন্ত অংশ খানাখন্দে ভরা। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছবিটি উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকা থেকে গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো
ঢাকা–সিলেট মহাসড়কের সিলেট থেকে বালাগঞ্জের শেরপুর পর্যন্ত অংশ খানাখন্দে ভরা। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছবিটি উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকা থেকে গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট থেকে বালাগঞ্জের শেরপুর পর্যন্ত অংশের দূরত্ব ৩৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটারজুড়েই খানাখন্দ। ছোট-বড় গর্তের পাশাপাশি মহাসড়কের অধিকাংশই মাকড়সার জালের মতো ফেটে গেছে। তবে সওজের দাবি, সড়কটি খারাপ বলার কোনো সুযোগ নেই।
সড়ক ও জনপথ (সওজ) সিলেট কার্যালয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের খানাখন্দ ভরাট করতে জরুরি সংস্কারকাজ চলছে। ১২ দিন ধরে এ সংস্কারকাজ চলছে। অর্ধশতাধিক শ্রমিক প্রতিদিন কাজ করছেন। দুই দিনের মধ্যে সব গর্ত ভরাট হয়ে যাবে বলেও তাঁরা জানিয়েছেন।
গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের শেরপুর অংশ পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ১৪ জন শ্রমিক তেরমাইল, শশারকান্দি ও কাশিকাপন এলাকায় সংস্কারকাজ করছেন। এর বাইরে মহাসড়কটির লালাবাজার, নাজিরবাজার, আহমদনগর, কুরুয়া উত্তরপাড়া, নিজ কুরুয়া, কুরুয়া বাজার, দয়ামীর, কাশিকাপন, ইলাশপুর, গোয়ালাবাজার, ব্রাহ্মণগ্রাম, শশারকান্দি, কালিরাই বাজার, কাগজপুর এলাকার অধিকাংশ জায়গা এখনো খানাখন্দে ভরা।
ওসমানীনগর, গোয়ালাবাজার, কাগজপুর ও কুরুয়া এলাকার সড়কে পিচ ও বিটুমিন উঠে ইট-পাথর সরে গেছে। মাটি দেবে উঁচু-নিচু হওয়ায় যানবাহন এঁকেবেঁকে চলাচল করছে। ওই সড়কপথে চলাচলকারী বালাগঞ্জ উপজেলার মুক্তিয়ারগাঁও গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশাচালক আবদুল আহাদ বলেন, ‘রাস্তা খারাপ থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটতাছে। রাইতের বেলা সমস্যাটা বেশি হয়। কুনু গাড়ি আরেকটা গাড়িরে সাইড দিতে চায় না। তখনই ওভারটেক করার সময়ই খানাখন্দে উল্টায়া পড়ে।’
সিলেটের সর্ববৃহৎ বাসস্ট্যান্ড দক্ষিণ সুরমা উপজেলার কদমতলীতে অবস্থিত। এখানে অবস্থানকারী ঢাকাগামী একাধিক যাত্রী জানান, ঈদে ইতিমধ্যেই মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। মহাসড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় বাড়িফেরা মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ১২ দিন ধরে সওজের জরুরি সংস্কারকাজ চলছে। তবে যেসব অংশ এখনো সংস্কার হয়নি, সেসব দু-এক দিনের মধ্যেই শেষ হবে। তিনি আরও বলেন, সংস্কারকাজের বেশির ভাগ শেষ হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে। তাই এখন আর মহাসড়কটিকে খারাপ বলার কোনো সুযোগ নেই।