ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তি
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে গত শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার ভোর চারটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। তিতাস সেতুর ওপর বেইলি সেতু বসানোর কাজ চার ঘণ্টা দেরি হওয়ায় সেতুর দুই পাশে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর দুই দিকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন। এর প্রভাব পড়েছে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কেও। লোকজনকে দীর্ঘ পথ পায়ে হেঁটে চলতে দেখা গেছে। বেলা দুইটার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ সময় যানবাহনকে ধীরগতিতে চলতে হয়েছে। সন্ধ্যায় তা একেবারে স্বাভাবিক হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এক ঘোষণায় গত শুক্রবার তিতাস সেতুর ওপর দিয়ে ১৮ ঘণ্টা যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সওজ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের (কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট শুক্রবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ১৮ ঘণ্টার জায়গায় প্রায় ২২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গত শুক্রবার রাত ১২টার বদলে শনিবার সকাল আটটায় সেতুর কাজ শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল ভোর চারটায় সেতু খুলে দিলে সব ধরনের যানবাহন আগের মতো যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। তখন দুই পাশের রাস্তা যানবাহনের ভিড়ে বন্ধ হয়ে যায়। ৩২ ঘণ্টা পর বেলা দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার অংশ ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় সেতুর ওপর দুই লেনের একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছে। বৃষ্টির কারণে কাজ বিঘ্নিত হয়েছে। ফলে পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার রাত ১২টায় সেতুটি খুলে দেওয়া সম্ভব হয়নি।