ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল বুধবার দুপুরে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে সড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দিগন্ত পরিবহনের একটি বাস গতকাল ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের উদ্দেশে আসার সময় আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য কামাল চৌধুরীর ছেলেমেয়েরা বাসটিতে ওঠেন। বাসটি ছাড়ার পর কামালের ছেলেমেয়েরা নিজেদের সুবিধার জন্য উপজেলার সোহাগপুর এলাকায় তাঁদের নামিয়ে দিতে বলেন। চালক অসম্মতি জানালে তাঁরা চালক ও সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে সোহাগপুরের কিছুটা সামনে তাঁদের নামিয়ে দেওয়া হয়। পরে কামাল চৌধুরী লোকজন নিয়ে আশুগঞ্জ গোলচত্বর এলাকার দিগন্ত পরিবহনের কাউন্টারে গিয়ে শ্রমিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের প্রতিরোধের মুখে কামাল চৌধুরীর লোকজন উপজেলার সোনারামপুর গ্রামের একটি চালকলের সামনে অবস্থান নেয়। পরে তারা দিগন্ত পরিবহনের দুটি বাস থামিয়ে ভাঙচুর চালায় এবং চালক ও সহকারীদের মারধর করে।এ খবর জেলা শ্রমিক নেতাদের কাছে পৌঁছালে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের পরামর্শে স্থানীয় শ্রমিকেরা সড়কে বাস থামিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় বৈঠক হয়। বৈঠক থেকে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ এবং ভাঙচুর ও মারধরে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পাওয়ার পর বেলা দুইটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানা মিয়া জানান, চালক-শ্রমিকদের মারধর শ্রমিকেরা মেনে নিতে পারেননি। তাই সড়ক অবরোধ করা হয়।উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটির সদস্য কামাল চৌধুরী সাংবাদিকদের জানান, ‘বাসের সহকারী আমার সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করে। পরে তাদের ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয়। ঘটনাটি জানতে দুপুরে বাস কাউন্টারে গেলে শ্রমিকেরা অতর্কিতে আমাদের মারধর শুরু করে। পরে আমাদের ছেলেরা ক্ষিপ্ত হয়ে বাস ভাঙচুর করে।’আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।