বাসচালক ও তাঁর সহযোগীকে মারধর করার প্রতিবাদে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাস পেয়ে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে কারটির সামনের লাইট ভেঙে যায়। এ নিয়ে কারের মালিক এনামুল শিকদার ও বাসচালক আতিক মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বাস শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতাদের মাধ্যমে বিষয়টির সমঝোতা হয়। পরে বাসটি জেলা সদরের উদ্দেশে রওনা হয়ে সোহাগপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে এনামুল শিকদারের লোকজন বাসটি থামান। তাঁরা চালক আতিক মিয়া ও তাঁর সহযোগী শ্যামল মিয়াকে মারধর করে আটকে রাখেন। প্রতিবাদে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বেলা আড়াইটার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আশুগঞ্জ থানা ও সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা বেলা সাড়ে তিনটায় মহাসড়ক থেকে সরে যান।
আশুগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ‘সমঝোতা হওয়ার পরও প্রাইভেট কারের মালিক আমাদের লোকজনকে মারধর করেছে। এ ঘটনায় কার মালিককে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।