ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকারের অর্থায়নে (জি-টু-জিভিত্তিতে) ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রাথমিক চুক্তি হয়েছে চীনা কোম্পানির সঙ্গে। গতকাল রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির চুক্তি সই হয়। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
ঢাকার কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পের আওতায় সড়কের দুই পাশেই স্থানীয় যানবাহন চলাচলের আলাদা লেন (সার্ভিস লেন) থাকবে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।