হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে নতুন বাস সার্ভিস চালু নিয়ে পরিবহনমালিকদের দ্বন্দ্বের জের হিসেবে দুই দিন ধরে হবিগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘট চলছে। এদিকে নতুন সুপার এক্সপ্রেস বাস চালু হলে আগামীকাল সোমবার থেকে ঢাকা-সিলেট রুটে সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মালিকদের একাংশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলের জন্য সুপার এক্সপ্রেস প্রশাসনিক অনুমোদন পায় তিন বছর আগে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এ রুটের পুরাতন বাস মালিক সমিতি ‘হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ’। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত দুই মাসেই পাঁচ থেকে ছয়বার সংঘর্ষের ঘটনা ঘটে।বিষয়টি নিয়ে চলতি মাসের প্রথমদিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ঢাকায় দুটি পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। বৈঠকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে আপাতত সুপার এক্সপ্রেসের ২৪টি গাড়ি চলাচলের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, গত শুক্রবার সুপার এক্সপ্রেস বাস হবিগঞ্জ থেকে চালু করতে গেলে তাতে আবারও বাধা দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার পর থেকে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জানতে চাইলে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল সোমবারের মধ্যে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে সুপার এক্সপ্রেসের কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। শুধু হবিগঞ্জ-সিলেট রুট নয়, ঢাকা-সিলেট রুটে সব বাস বন্ধ করে দেওয়া হবে।’সুপার এক্সপ্রেস মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘মোটর মালিক গ্রুপ নতুন ও আধুনিক সার্ভিসকে মেনে নিতে পারছে না। দেড় শ বছরের পুরোনো গাড়ি দিয়ে তারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এ জন্য আমাদের বিরোধিতা করছে।’