ঢাকা-সিলেট মহাসড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ!
ঢাকা-সিলেট মহাসড়কের ওপর গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ করেছে জাতীয় পার্টি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের শেরপুর থেকে রশীদপুর পর্যন্ত ১১টি স্থানে সড়কের ক্ষতি করে তোরণগুলো তৈরি করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পার্টির লংমার্চ উপলক্ষে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানিয়ে মহাসড়কের রশীদপুর, নাজিরবাজার, কুরুয়া, দয়ামীর, কাশিকাপন, তাজপুর, তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে, গোয়ালাবাজার, উনিশ মাইল, বেগমপুর, শেরপুর নামক স্থানে ১১টি তোরণ নির্মাণ করা হয়েছে।প্রতিটি তোরণ নির্মাণের স্থানে রাস্তার দুই পাশে মহাসড়কের বিটুমিনাস কার্পেটিংয়ের ওপর গর্ত খুঁড়ে বাঁশের খুঁটি পুঁতে তোরণগুলো তৈরি করা হয়েছে। এতে একদিকে যেমন সড়কটির ক্ষতি হয়েছে, অন্যদিকে মহাসড়কের ওপর তোরণ নির্মাণ করায় যেকোনো সময়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহইয়া চৌধুরীর নাম, পদবি ও ছবিসংবলিত ব্যানার লাগানো হয়েছে সব কটি তোরণে।গতকাল দুপুরে মহাসড়কের তাজপুরে তোরণ নির্মাণের সময় নির্মাণের দায়িত্ব পাওয়া ডেকোরেটার্স প্রতিষ্ঠানের কর্মচারী এমরান আহমদ বলেন, ‘গর্ত খুঁড়লে রাস্তার যে ক্ষতি হয় সেটা বুঝি, কিন্তু আমাদের যেভাবে বলে দেওয়া হয়েছে, সেভাবে কাজ করছি।’ইয়াহইয়া চৌধুরী বলেন, ‘ডেকোরেটার্সকে দায়িত্ব দিয়েছি। তারা কীভাবে কাজ করেছে, সেটা জানি না। তবে তারা বলেছিল যে প্রশাসন থেকে অনুমতি নিয়ে কাজ করবে এবং গর্তগুলো আবার ঠিক করে দেবে।’জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লা সিদ্দিকী বলেন, ‘মহাসড়ক আমাদের জাতীয় সম্পদ। এটাতে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। দলীয়ভাবে এ ধরনের কাজকে আমরা সমর্থন করি না।’সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘এ ধরনের তোরণ নির্মাণের সময় আমরা বাধা দেই, কিন্তু নির্মাণকারীরা আমাদের বাধা মানে না। অনেক সময় আমাদের লোকজনের ওপর আক্রমণ করে বসে। মহাসড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। জাতীয় পার্টির তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’