ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
হবিগঞ্জে শ্যামলী পরিবহনের তিনটি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিকেরা।পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সিলেট আন্তজেলা বাস মালিক সমিতি ও হবিগঞ্জ জেলা মোটর মালিক সমিতি।এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ থাকায় সারা দেশ থেকে সিলেট বিভাগ বিচ্ছিন রয়েছে যোগাযোগের ক্ষেত্রে। এতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।গত বুধবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মাহমুদুর রহমান শুভ স্কুল থেকে বাড়ি ফিরছিলেন একটি মোটরসাইকেলে করে। তিনি মহাসড়কের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শ্যামলী পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকে। নিহত ছাত্র শুভ নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের নুরুজ্জামানের ছেলে।সিলেট আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমেদ ফলিক মিয়া বলেন, পোড়ানো গাড়ির ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে এবং অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট চলবে।হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনা ঘটলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু কোটি টাকার বাসে আগুন ধরিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। তাই আমরা পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’